আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের রতনপুর কমিউনিটি ক্লিনিক আকস্মিক পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান।
আজ (সোমবার), ০৮/০৬/২০২৬ইং সকালে তিনি ক্লিনিকটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে চেয়ারম্যান ক্লিনিকের সার্বিক পরিবেশ, ওষুধপত্রের মজুদ এবং সেবার মান ঘুরে দেখেন।
ক্লিনিকে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। তিনি কর্মরত সিএইচসিপি (CHCP) এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত ও সময়মতো উপস্থিত থেকে সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বলেন, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকগুলো অবদান রাখছে। ৩নং খানপুর ইউনিয়নের কোনো মানুষ যেন প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রতনপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মান ধরে রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের এই আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন তদারকির ফলে ক্লিনিকের সেবার মান আরও উন্নত হবে।