স্টাফ রিপোর্টার | দিনাজপুরের বিরামপুর উপজেলায় সমাজের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী পরিবার, আদিবাসী শিক্ষার্থী এবং এতিমদের সহায়তায় সরকারি এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বিরামপুরের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শতাধিক উপকারভোগীর হাতে সরকারি সহায়তার চেক তুলে দেওয়া হয়।
বুধবার (১ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী, আদিবাসী পরিবার, আদিবাসী শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার সুবিধাবঞ্চিত মানুষের হাতে সরকারি এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিরামপুর,হাকিমপুর, ঘোড়াঘাট,ঘোড়াকাটি ও নবাবগঞ্জ এলাকার বেসরকারি এতিমখানা ও আশ্রমের জন্য ক্যাপিটেশন গ্রান্টও প্রদান করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনার জন্য বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি, মি. মোঃ শফিকুল আলম মামুন, সম্পাদক, মোঃ এলাহী চৌধুরী রুবেল, ও পৌর বিএনপি'র সভাপতি, মোঃ হুমাউন কবির, সম্পাদক, মোঃ রেজাউল করিম রেজু, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে অনুষ্ঠান পরিচালনার আহবান জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,(এমপি),মাননীয় মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। অসহায়, প্রতিবন্ধী,এতিম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুদানের চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এদিকে মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনা ও মানবিক উদ্যোগকে সামনে রেখে বিরামপুরে অসহায় মানুষের পাশে থাকার বিভিন্ন কার্যক্রমও অব্যাহত রয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানান,তাঁর দিকনির্দেশনায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সচেতন মহলের মতে,সরকারের এই ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি অসহায়,প্রতিবন্ধী,আদিবাসী পরিবার, মেধাবী শিক্ষার্থী ও এতিম শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা,চিকিৎসা ও দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে এই আর্থিক সহায়তা তাদের জন্য আশার আলো হয়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।