

স্টাফ রিপোর্টার | দিনাজপুরের বিরামপুর উপজেলার হাজী মার্কেট মসজিদের মুয়াজ্জিন মো.নুরনবীর বিরুদ্ধে এক মুসল্লির মসজিদে রেখে যাওয়া মোটরসাইকেল আত্মসাৎ করে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও নিয়মিত মুসল্লিরা লিখিত অভিযোগ দাখিল করে তার বিরুদ্ধে তদন্ত,বিচার এবং মসজিদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, কয়েক মাস আগে এক মুসল্লি ফজরের নামাজ আদায় করতে এসে তার পুরাতন মোটরসাইকেলটি মসজিদের প্রধান ফটকের সামনে রেখে যান। নামাজ শেষে অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেখে চলে গেলে পরে সেটি আর খুঁজে পাননি।
অভিযোগে দাবি করা হয়,মসজিদের নাইট গার্ড বিষয়টি মুয়াজ্জিন মো. নুরনবীকে জানালে তিনি মোটরসাইকেলটি নিজের হেফাজতে নেন। পরে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর না করে সেটি নিজের দখলে রেখে প্রায় এক মাস পর স্থানীয় এক মোটরসাইকেল ব্যবসায়ীর মাধ্যমে ১৪ হাজার টাকায় বিক্রি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলের নতুন ক্রেতা পরে তেল নিতে গেলে প্রকৃত মালিকের পরিচিত একজন সেটি শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে মোটরসাইকেলটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয় এবং ক্রেতাকে তার প্রদান করা অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগকারীরা আরও দাবি করেন,অতীতেও মুয়াজ্জিন মো. নুরনবীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নতুন মুয়াজ্জিন নিয়োগের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক ও অফিসার ইনচার্জ বরাবর অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।