মোঃ আফজাল হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ ৯ আগস্ট (রোববার) দিনাজপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী পার্টি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল “আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান”
কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাসিল স্বপ্নন কিস্কু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আরতি হাঁসদা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা হাঁসদা ও মাইকেল বেসরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরু নবী দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল, জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের এসএস সুপারিনটেন্ডেন্ট বিকাশ হাঁসদা, বাংলাদেশ আদিবাসী পার্টির সাধারণ সম্পাদক ক্রিস্টাস মারাণ্ডী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিত্বগণ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে আদিবাসী ধাত্রীদের অবদান ও তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে বিশেষভাবে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী আদিবাসী নাচ-গানের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।