পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।
ইসির মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপনির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যস্ততা বাড়ার পাশাপাশি স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপনির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হবে।