নিজস্ব প্রতিবেদক: বিরামপুর দিনাজপুর ৩নং খানপুর ইউনিয়ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘কারাম পূজা’ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার ৩নং খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী করমতলি ফুটবল খেলার মাঠে জাঁকজমক পূর্ণভাবে এই কারাম পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় অধিবাসীগণ অংশগ্রহণ করেন। সভায় উৎসবটি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী পার্টির (BAP) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও ৩নং খানপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "কারাম পূজা আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২৫ সেপ্টেম্বরের আয়োজনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তোলা হবে।"
আয়োজকরা জানান, ২৫ সেপ্টেম্বর করমতলি ফুটবল খেলার মাঠে দিনব্যাপী কারাম পূজার পূজা-অর্চনা, ঐতিহ্যবাহী নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শনার্থী ও পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।