শান্ত পাহান, আঞ্চলিক প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কারাম উৎসব ২০২৬। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
কারামপূজা উদযাপন অনুষ্ঠানে নগেন কুজুরের সভাপতিত্বে এবং অজিতকুমার মুন্ডার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র হেমব্রোম, সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য, শোফিউল সোনার, যুগ্ম সাধারণ সম্পাদক (বিএনবি), নিয়ামতপুর; অনিল গোজাড়, সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি; তিতাস মারডি, সাধারণ সম্পাদক, আদিবাসী যুব পরিষদ, নওগাঁ; চঞ্চল পাহান, সাধারণ সম্পাদক, আদিবাসী ছাত্র পরিষদ, নওগাঁ; ভিম চন্দ্র বর্মন, পূজা উদযাপন ফ্রন্ট; ডারিম চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন ফ্রন্ট, নিয়ামতপুর; স্বপন পাহান, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর; শুভ্রা এক্কা, আদিবাসী নারী পরিষদ, নিয়ামতপুর; ফরোজমনি, সাধারণ সম্পাদক, আদিবাসী নারী পরিষদ, নিয়ামতপুর; সন্তেশ লাকড়া, সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর; বিষদ মনি টপ্য; রনজিত মিন্জ, গৈল ডিগৌরি পরিষদ, নিয়ামতপুর; প্রসেনজিত বারোয়ার, সভাপতি, আদিবাসী যুব পরিষদ, নিয়ামতপুর; রপন মুন্ডা, সাধারণ সম্পাদক, আদিবাসী যুব পরিষদ, নিয়ামতপুর; স্বপন মাহাতো, সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ, নিয়ামতপুর; প্রনব মন্ডা, সাধারণ সম্পাদক, আদিবাসী ছাত্র পরিষদ, নিয়ামতপুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‘নির্যাতন করলে হাত-ভেঙে দেওয়ার’ হুঁশিয়ারি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আদিবাসী সম্প্রদায়ের কোনো মানুষের ওপর কেউ নির্যাতন করলে তা মেনে নেওয়া হবে না। নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের সবসময় আমরা আছি, থাকতে চাই। আপনাদের উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
নিয়ামতপুরে আদিবাসী কালচারাল একাডেমির দাবি
অনুষ্ঠানের উদ্বোধক সুভাষ চন্দ্র হেমব্রোম বলেন, নিয়ামতপুর আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার জন্য একটি আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা জরুরি। এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে এবং তা চর্চা করতে পারবে।
কবরস্থান ও বসতভিটা রক্ষার দাবি
অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, আদিবাসী সম্প্রদায়ের কবরস্থানগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে। এসব কবরস্থান রক্ষা ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এছাড়া স্থানীয় নেতারা বলেন, নিয়ামতপুরের অনেক আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরে অন্যের জমিতে বসবাস করছেন। অনেকের নিজস্ব বসতভিটা নেই বললেই চলে। ফলে তাদের বসবাসের জায়গা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আদিবাসী নেতারা এসব পরিবারের বসতভিটা যাতে ভবিষ্যতে হুমকির মুখে না পড়ে এবং তাদের ভূমি ও বসবাসের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানান।
কারাম উৎসবের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও অধিকার সংরক্ষণের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও দাবিও উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।