পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান বজায় থাকবে।