এমডি রেজওয়ান আলী বুরো প্রধান : ২০০১ সালে কেনা ১০ শতক জমির মালিকানা নিয়ে পাল্টা পাল্টি দাবি,সংবাদ সম্মেলনে এনায়েত আলীর বক্তব্যে অপপ্রচারের প্রতিবাদ জানালেন মেয়র পদপ্রার্থী বাপ্পী হোসেন বেলাল,দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর মৌজার ১০ শতক জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। জমি জবরদখল চেষ্টার অভিযোগ এবং এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির ক্রেতা দাবিদার এনায়েত আলী মণ্ডল। একই সংবাদ সম্মেলনে বিরামপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বাপ্পী হোসেন বেলাল তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান।
২৮ অক্টোবর বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এনায়েত আলী মণ্ডল তাঁর বক্তব্যে বলেন,বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর মৌজার ৪২ নম্বর দাগে অবস্থিত ১০ শতক জমি তিনি ২০০১ সালে কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে ২০০২ সালে নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করে দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে জমিটি ভোগ দখল করে আসছেন। এনায়েত আলীর অভিযোগ,তাঁর ক্রয়কৃত ওই জমি নিয়ে পরবর্তীতে বিরোধ সৃষ্টি হয়। সেলিনা জামানের নামে ওই জমির একটি দলিল তৈরি করে জমিটি দখলের চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় সেলিনা জামানের স্বামী এবং তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনায়েত আলী আরও বলেন,সম্প্রতি সেলিনা জামানের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হন। সম্ভাব্য সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সেখানে স্থাপনা নির্মাণ বন্ধ রাখার ব্যবস্থা নেয় বলে তিনি দাবি করেন। তবে তাঁর অভিযোগ,প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরবর্তীতে আবারও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তাঁর লোকজন বাধা দেন। এতে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। জমির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে কোনো ধরনের সংঘাত না ঘটিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানান তিনি।
অন্যদিকে,এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে জড়িয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরামপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বাপ্পী হোসেন বেলাল।
সংবাদ সম্মেলনে বাপ্পী হোসেন বেলাল বলেন, “আমার দাদা এনায়েত আলী মণ্ডলের ডাকে আমি ওই এলাকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে ঘটনার প্রকৃত বিষয় জানার চেষ্টা করি। কিন্তু একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন,কোনো জমি দখল কিংবা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পারিবারিক সম্পর্কের কারণে দাদার ডাকে ঘটনাস্থলে যাওয়া এবং বিষয়টি জানার চেষ্টা করাকে কেন্দ্র করে তাঁকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবী করেন।
বাপ্পী হোসেন বেলাল তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। এদিকে,জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের দাবি ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় দলিলপত্র, নামজারি,খতিয়ান এবং সংশ্লিষ্ট নথি যাচাই করে আইনগত ভাবে বিরোধ নিষ্পত্তির দাবি উঠেছে। স্থানীয় ভাবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং প্রকৃত মালিকানা নির্ধারণে যথাযথ তদন্তের প্রয়োজনীয়তার কথাও সংবাদ সম্মেলনে গুরুত্ব পায়। উল্লেখ্য,জমি নিয়ে বিরোধের ক্ষেত্রে কোনো পক্ষের মৌখিক দাবি নয়,বরং বৈধ দলিল,সরকারি রেকর্ড,দখলের প্রমাণ এবং আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বিবেচ্য।