
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি,ভরণ পোষণ না দেওয়া এবং মানসিক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকদূর্গা গ্রামের বাসিন্দা মোছাঃ রোকসানা (৪৯) দাবি করেন যে, ২০২৪ সালের ১০ মে ইসলামী শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে মোঃ মেজবাউল ইসলাম ওরফে সাবুর (৫৫) সঙ্গে তার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় তার পরিবার বিভিন্ন আসবাবপত্র ও উপঢৌকন প্রদান করে। অভিযোগে বলা হয়েছে, বিবাহের পর থেকে স্বামী মেজবাউল ইসলাম তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। তিনি যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে তাকে কোনো ধরনের ভরণ পোষণ প্রদান করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি,ভাড়া বাসার খরচ ও অন্যান্য প্রয়োজনীয় ভরণ পোষণের বিষয় নিয়ে কথা বললে অভিযুক্ত তাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি প্রদান করতেন। সর্বশেষ গত ৭ মে রাত আনুমানিক ২টার দিকে ঈদগাহ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এসে পুনরায় ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে সংসার না করার,ভরণ পোষণ না দেওয়ার এবং অধিক যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান,বর্তমানে তিনি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন এবং আর্থিক সংকটের কারণে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী আরও জানান, পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply