
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেসকোর গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপের অভিযোগ তুলে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে গুলপাড়া চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে সড়ক হয়ে মামা-ভাগিনা হোটেল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন,প্রিপেইড মিটার স্থাপনের ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। গ্রাহক হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান আন্দোলনকারীরা। এ কর্মসূচিতে নেসকোর গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ অংশ নেন। এ সময় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা জানান,তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply