
এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান : ‘করবো সমবায়,গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সমবায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সমবায়ীদের অংশগ্রহণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান। আলোচনা সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও ইউপি সদস্য সুলতানা পারভীন, সদস্য সচিব আফরোজা বেগম লতা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল,সাংবাদিক কামরুজ্জামান এবং বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শিরীনাজ বেগম প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,সমবায় শুধু একটি সংগঠন বা আর্থিক লেনদেনের মাধ্যম নয়; বরং এটি সম্মিলিত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক অগ্রগতির একটি শক্তিশালী মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন,দারিদ্র্য বিমোচন,বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা বলেন,একজন ব্যক্তির পক্ষে যে কাজ বা উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় পদ্ধতিতে তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে উৎপাদনমুখী বিনিয়োগ,ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ,কৃষি উন্নয়ন এবং আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ,ক্ষুদ্র উদ্যোক্তা,কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায়ের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন,সমবায় আন্দোলনের মূল শক্তি হলো ঐক্য, বিশ্বাস,স্বচ্ছতা ও জবাবদিহিতা। একটি সমবায় সমিতি তখনই সফল হতে পারে,যখন এর প্রতিটি সদস্য দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করবেন এবং সমিতির কার্যক্রম নিয়মনীতি মেনে পরিচালিত হবে। তাই সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল,কার্যকর,স্বচ্ছ ও জবাবদিহি মূলকভাবে পরিচালনা করতে হবে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। তাঁদের মতে,দেশের সার্বিক উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হলে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করতে হবে। শুধু দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমবায়ের আদর্শ ও উদ্দেশ্য বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে,নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বক্তারা আশা প্রকাশ করেন,সরকারি বেসরকারি উদ্যোগ, সমবায়ীদের আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিরামপুরের সমবায় কার্যক্রম আরও এগিয়ে যাবে। সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা,সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সমবায়ের গুরুত্ব,সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি উন্নত,সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তারিখ: ০৮ নভেম্বর ২০২৬।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply