
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান : বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও থামেনি হাতের কাজ; বাঁশ, কাঠ আর দড়ির খাট তৈরি করে হাটে হাটে ঘুরে জীবিকার সন্ধান করেন বৃদ্ধ মকবুল হোসেন। দিন যায়, বয়স বাড়ে,শরীরের শক্তি কমে আসে। কিন্তু সংসারের দায়িত্ব আর জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই। জীবনের ৮০টি বসন্ত পেরিয়েও প্রতিদিন নতুন করে জীবনযুদ্ধে নামতে হয় তাঁকে। নিজের হাতে দড়ির খাট তৈরি করেন,সেই খাট কাঁধে নিয়ে ছুটে যান এক হাট থেকে অন্য হাটে। কখনো বিক্রি হয়,কখনো দীর্ঘ সময় অপেক্ষা করেও মেলে না কাঙ্ক্ষিত ক্রেতা। তবুও হাল ছাড়েননি তিনি। কারণ,এই দড়ির খাট বিক্রির সামান্য আয়েই চলে তাঁর সংসার। বলছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী মকবুল হোসেনের কথা। বয়সের ভারে শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়লেও জীবিকার প্রয়োজনে এখনো নিজের হাতে তৈরি করছেন ঐতিহ্যবাহী দড়ির খাট। প্রায় ১০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বাঁশ,কাঠ,হাতুড়ি, বাটাল আর দড়িই তাঁর জীবিকার প্রধান উপকরণ। এসব উপকরণ দিয়ে নিপুণ হাতে তৈরি করেন ছোট বড় বিভিন্ন আকারের দড়ির খাট। এরপর তৈরি করা খাট নিয়ে বসেন বিভিন্ন হাটবাজারে। ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন বাজারে রাস্তার পাশে বসে খাট বিক্রি করতে দেখা যায় তাঁকে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাট তৈরি করেন তিনি। এ কাজে পরিবারের সদস্যরাও তাঁকে সহযোগিতা করেন। মকবুল হোসেনের ভাষ্য অনুযায়ী,একটি দড়ির খাট তৈরি করতে সময় লাগে প্রায় তিন থেকে চার দিন। প্রতিটি খাট তৈরিতে খরচ হয় ৮০০ থেকে ১ হাজার টাকা। আর আকার ও মানভেদে সেগুলো বিক্রি করেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ কয়েক দিনের পরিশ্রমের পর একটি খাট বিক্রি করে সামান্য লাভের মুখ দেখেন তিনি। প্রতিদিন কোনো না কোনো হাটে একটি খাট বিক্রির আশায় বের হন। তবে প্রতিদিন যে খাট বিক্রি হয়,এমন নয়। কোনো দিন ক্রেতার ভালো সাড়া পান, আবার কোনো দিন দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে বাড়ি ফিরতে হয়।
একসময় নিজের জমিতে চাষাবাদ করেই সংসার চালাতেন মকবুল হোসেন। সেই উপার্জন দিয়ে দুই ছেলে ও এক মেয়েকে বড় করেছেন,তাঁদের বিয়েও দিয়েছেন। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন স্ত্রীকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। বয়সের এই শেষ প্রান্তে এসেও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি।
রোদ বৃষ্টি,শীত কিংবা শারীরিক ক্লান্তি
কোনো কিছুই যেন তাঁর জীবনসংগ্রাম থামাতে পারেনি। বয়সের কারণে আগের মতো কাজ করার শক্তি নেই, তবুও হাতের কাজ বন্ধ রাখার উপায় নেই। কারণ,কাজ না করলে সংসার চলবে কীভাবে? তাই প্রতিদিনই নতুন আশায় দড়ির খাট তৈরি করেন, আর সেই খাট বিক্রির জন্য ছুটে যান হাটবাজারে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী দড়ির খাট একসময় মানুষের ঘরে ঘরে ছিল। আধুনিক আসবাবপত্রের ভিড়ে সেই খাটের ব্যবহার কিছুটা কমলেও এখনো গ্রামীণ জনপদের অনেক মানুষের কাছে এর কদর রয়েছে। মকবুল হোসেনের মতো ক্ষুদ্র কারিগররা নিজেদের শ্রম,অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে এই ঐতিহ্যবাহী পেশাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু তাঁদের জীবনসংগ্রাম,সীমিত আয় এবং বার্ধক্যের কষ্ট অনেক সময়ই থেকে যায় আড়ালে। ৮০ বছর বয়সেও মকবুল হোসেনের এই নিরলস পরিশ্রম শুধু একজন বৃদ্ধের জীবিকার গল্প নয়,এটি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার এক অনন্য দৃষ্টান্ত। কারও কাছে হাত না পেতে নিজের শ্রমে উপার্জন করে সংসার চালানোই তাঁর জীবনের বড় শক্তি। বয়সের কাছে হার না মেনে প্রতিদিন দড়ির খাট তৈরি ও বিক্রির মধ্য দিয়ে তিনি যেন প্রমাণ করছেন
জীবনসংগ্রামের কোনো নির্দিষ্ট বয়স নেই। যত দিন শরীর সায় দেবে, তত দিন নিজের হাতে কাজ করে স্ত্রীকে নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চান এই প্রবীণ কারিগর।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply