
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান: ১৫ জুলাই ২০২৬: দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়ায় যমুনা শাখা নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ একটি সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি,গত রাতের ঝড় বৃষ্টির সময় নদীর কিনারায় থাকা একটি বড় গাছ উপড়ে পড়ে যাওয়ার পর থেকেই রাস্তার পাশে ভাঙন শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই সড়কের একটি অংশ যমুনা নদীর শাখা নদীগর্ভে ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়,এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ চলাচল করেন। শুধু শ্রীপুর উত্তরপাড়া নয়,আশপাশের বিভিন্ন পাড়া মহল্লার মানুষও স্কুলের ছাত্র ছাত্রীরা এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। ফলে সড়কে ধস নামায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুল কলেজের শিক্ষার্থী, গ্রামের নারী পুরুষসহ অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। ধসে পড়া রাস্তার পরিস্থিতি দেখতে সকাল থেকেই এলাকায় উৎসুক জনতার সমাগম দেখা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন বিরামপুর উপজেলা কৃষক দলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া প্রার্থী মোঃ শাহানুর আলম মাস্টার। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য,এটি এলাকাবাসীর যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা। দ্রুত সংস্কার না করা হলে কয়েক হাজার মানুষের চলাচল, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হবে। এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জানা গেছে, দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি দাখিলের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় জনগণ। এলাকাবাসীর প্রত্যাশা,জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরু করবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply