
এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান : দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল ৪টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফিরে আসে। এ সময় যুবদলের নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন শহরের বিভিন্ন সড়ক। র্যালিতে উপজেলা, পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নূর আলম নূরা,মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন,সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম,পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল,সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা।
র্যালি শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির খন্দকার,পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল,পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস,রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। দেশ ও জাতির কল্যাণে তরুণদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। সংগঠনের আদর্শ ও নীতি ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো,সামাজিক উন্নয়নে অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বিরামপুর, নবাবগঞ্জ,হাকিমপুর ও ঘোড়াঘাট এই চার উপজেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন তাঁরা। বক্তারা বলেন, দিনাজপুর ৬ আসনের সার্বিক উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। এ ক্ষেত্রে যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা,তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যতের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply