
দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার:
সাঁতার শুধু শরীরচর্চা কিংবা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী দক্ষতা। পানিতে ডুবে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি প্রতিরোধে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে সাঁতার শেখানোর কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
তিনি বলেন, সাঁতার একটি চমৎকার ব্যায়াম হওয়ার পাশাপাশি জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি জীবনমুখী দক্ষতা। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। তাই আমাদের সন্তানদের সঠিক নিয়মে সাঁতার শেখাতে হবে। এ সময় তিনি দিনাজপুর জেলায় গত বছর সাঁতার না জানার কারণে ১ হাজার ১৯৩ জনের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন দিনাজপুর শহরের মাহুতপাড়া এলাকার জলতরঙ্গ সুইমিং সেন্টারে নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরীফ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম, দিনাজপুর মহিলা সমিতির সভাপতি মালেকা পারভীন, কলেজ এইড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সিরাজাম মুনিরা, সাপ্তাহিক সাম্যমৈত্রী পত্রিকার নির্বাহী সম্পাদক মকিদ হায়দার শিপন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মীর শিরিন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নবজীবন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, বিশিষ্ট নারী নেত্রী ও সংগঠক রওশন আরা রুনু বলেন, দিনাজপুরে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করলেও সাঁতার প্রশিক্ষণের মতো জীবনরক্ষাকারী বিষয়ে উদ্যোগ তুলনামূলকভাবে কম। অথচ সাঁতার না জানার কারণে বিশেষ করে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত উদ্বেগ সৃষ্টি করছে।
তিনি বলেন, মানুষের জীবন রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং শিশু-কিশোরদের পানিতে ডুবে দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাঁতার শেখার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন চেহেলগাজী শিক্ষা নিকেতন ও কলেজের সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমান এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।
সাঁতার শেখা কেবল একটি ক্রীড়াদক্ষতা অর্জন নয়, বরং বিপদের মুহূর্তে নিজের জীবন রক্ষা এবং অন্যকে সহযোগিতা করার সক্ষমতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে শিশুদের নিরাপদ পরিবেশে সাঁতার শেখানো, পানির আশপাশে অভিভাবকদের সতর্ক নজরদারি এবং প্রয়োজনীয় উদ্ধারব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply