
পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি জানান।
বৈধ প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সভাপতি মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাঁদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply