
এমডি রেজওয়ান আলী,বুরো প্রধান:দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গার সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা,বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রবীণ দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল এবং বকুলফুল উন্নয়ন সংস্থা,বেলডাঙ্গার সম্পাদক নওশাদ আলী। এ সময় স্থানীয় সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা,জ্ঞান, কর্মদক্ষতা ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। তাই প্রবীণদের যথাযথ সম্মান,মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা,সামাজিক নিরাপত্তা এবং মানসিক সুস্থতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রবীণদের একাকিত্ব দূর করা,তাঁদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা এবং পরিবারে তাঁদের মতামত ও অভিজ্ঞতার মূল্যায়ন করা জরুরি। একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। আলোচনায় প্রবীণদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সচেতনতা বৃদ্ধি,পারস্পরিক সহযোগিতা এবং তাঁদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রবীণদের জীবনকে আরও সুন্দর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বকুলফুল উন্নয়ন সংস্থা,বেলডাঙ্গার পক্ষ থেকে উপস্থিত প্রবীণদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রবীণদের সম্মানে আয়োজিত এই উদ্যোগ অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে প্রবীণদের প্রতি শ্রদ্ধা,তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সমাজে তাঁদের অবদানকে স্মরণ করার আহ্বান জানানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply