
পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে দিন দিন বাড়ছে অটোবাইকের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। নির্ধারিত ভাড়ার তালিকা থাকলেও তা উপেক্ষা করে চালকদের ইচ্ছেমতো ভাড়া আদায়ের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের পরিবারের সদস্যরা।
প্রতিদিন রাণীশংকৈল পৌরশহরে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। তাঁদের অনেকেই প্রয়োজনীয় কাজে অটোবাইকের ওপর নির্ভরশীল। কিন্তু অভিযোগ রয়েছে, যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছেন।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, রাণীশংকৈল অটোবাইক সমিতির পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া হলেও অনেক চালক তা মানছেন না। রাণীশংকৈল থেকে নেকমরদ বাজার পর্যন্ত নির্ধারিত ভাড়া ২০ টাকা। অন্যদিকে ভোলাপাড়া, সিরাজুল, ঘুন্টি ও কুমারগঞ্জ বাজার এলাকায় যাতায়াতে ১৫ টাকা এবং মীরডাঙ্গী বাজার থেকে শিবদিঘি পর্যন্ত ভাড়া ১০ টাকা নির্ধারিত রয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন। অথচ এসব নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
যাত্রীদের দাবি, অতিরিক্ত ৫ টাকা ভাড়া নেওয়ার বিষয়ে চালকদের কাছে জানতে চাইলে কেউ কেউ বলেন, ‘মামু, ৫ টাকার ভাড়া আর নেই। এখন ১০ টাকা দিতে হবে। আমরা যে ভাড়া নেব, সেটাই দিতে হবে।’ এ ধরনের আচরণে অনেক সময় যাত্রী ও চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা এবং ঝগড়ার সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে পৌরশহরের শিবদিঘি, জুলাই চত্বর, চাঁদনী রাস্তা ও কলেজ এলাকায় যাতায়াতের ক্ষেত্রে ১০ টাকা ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, অনেক চালক নির্ধারিত ভাড়ায় যেতে রাজি হন না। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনেক পরিবার দিনমজুরি কিংবা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করাই তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে প্রতিদিন যাতায়াতে অতিরিক্ত ভাড়া দিতে হলে তাঁদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
অভিভাবকদের আশঙ্কা, এভাবে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত থাকলে অনেক দরিদ্র পরিবারের পক্ষে সন্তানদের নিয়মিত স্কুল-কলেজে পাঠানো কঠিন হয়ে পড়বে। ধনী পরিবারের শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত কয়েক টাকা বড় বিষয় না হলেও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য তা উল্লেখযোগ্য আর্থিক বোঝা।
এদিকে, প্রতিদিনের এই ভোগান্তি নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়লেও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। নির্ধারিত ভাড়ার তালিকা থাকার পরও তা কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠেছে অটোবাইক সমিতির তদারকি নিয়েও।
সাধারণ যাত্রীদের দাবি, রাণীশংকৈল পৌরশহরে অটোবাইকের ভাড়া আদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করা, চালকদের নিয়ম মেনে চলতে বাধ্য করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply