
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে দিনাজপুরের বিরামপুরে শুরু হয়েছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। দিনাজপুর-৬ আসনের চার উপজেলা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটের ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ২৬টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম।
চার উপজেলার বিএনপির আয়োজনে এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিরামপুরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়দের পাশাপাশি চার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মন ভালো রাখে না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য তৈরি করে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে। এ আয়োজন থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের বড় আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে সহায়ক হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ২৬টি দলকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply