
শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়া সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, আদিবাসী অধিকারকর্মী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা রিয়া সরেনের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং তার পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়া বাড়িতে সাঁওতাল কিশোরী রিয়া সরেনের রহস্যজনক মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না বলে জানিয়ে প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কিশোরীর এমন রহস্যজনক মৃত্যুর ঘটনা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মিল্টন সেদেক হাঁসদা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রিয়া সরেনের মৃত্যুর ঘটনাটি যথাযথভাবে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
আদিবাসী লেখক ও গবেষক মিথুশিলাক মুরমু বলেন, “কোনো ব্যক্তি বা পরিবারের সামাজিক, অর্থনৈতিক কিংবা জাতিগত পরিচয়ের কারণে যেন ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে না হয়।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, “রিয়া সরেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি। আমরা কোনো অনুমান বা গুজবের ভিত্তিতে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন চাই। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
অ্যাডভোকেট প্রভাত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন আদিবাসী নেতা উত্তম কুমার বর্মণ, প্রফুল্ল টুডু, দানিয়েল মার্ডী, নারী নেত্রী শিখা সরেনসহ অনেকে।
মানববন্ধন থেকে রিয়া সরেনের মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং তার পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply