
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের করমতলী ফুটবল খেলার মাঠে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির আয়োজনে “আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী করম উৎসব ২০২৬” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১:০০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে।
অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিস্কু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ৩নং খানপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শীতলী রানী পাহান।
উৎসব ও সমাবেশে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দিনাজপুর জেলা সভাপতি শ্যামল মাডী, জয় বাবু পাহান, পরেশ পাহান, দেবদাস পাহান, সহ-সভাপতি জের্ভাস মারান্ডী, সাংগঠনিক সম্পাদক আরতি হাঁসদা, প্রবীণ কবি ও প্রাবন্ধিক স্বপন এক্কা, জেলা জজ কোর্টের আইনজীবী এড. রিচার্ড মুরমু, সহ বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর ও জয়পুরহাটের স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
উৎসবের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৮ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো:
১) আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২) সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।
৩) শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে বিশেষ কোটা পুনর্বহাল করতে হবে।
৪) পৃথক আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।
৫) জাতীয় সংসদ ও সরকারের প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে।
৬) আন্তর্জাতিক সনদ ও কনভেনশনের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
৭) আদিবাসী অধ্যুষিত এলাকায় মাতৃভাষায় শিক্ষা এবং আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে হবে।
৮) আদিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের সংস্কৃতি রক্ষা এবং তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উৎসব প্রাঙ্গণে প্রথাগত নাচ-গান ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই করম উৎসব শেষ হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply