
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান : দিনাজপুরের ফুলবাড়ীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু)। চোরাই সাইকেল উদ্ধারের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি! প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি। এ ঘটনায় গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজুর বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত, দোষীর বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ঘটনার বিস্তারিত তুলে ধরে এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় অবস্থিত গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে চোরাই সন্দেহে একটি বাইসাইকেলসহ এক ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ নভেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে যান। অভিযোগ অনুযায়ী,ঘটনার বিষয়ে জানতে চাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়াসহ হুমকি ধমকি প্রদান করেন বলে অভিযোগ করেন সাংবাদিক ফিজারুল ইসলাম। তিনি আরও অভিযোগ করেন,একজন গণমাধ্যম কর্মী হিসেবে জনস্বার্থসংশ্লিষ্ট একটি ঘটনা সম্পর্কে তথ্য জানতে চাওয়া তার পেশাগত দায়িত্বের অংশ। অথচ এ ধরনের প্রশ্নের জবাবে তাকে অপমান ও হুমকির মুখে পড়তে হয়েছে। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা মনে করছেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে সাংবাদিক ফিজারুল ইসলাম (ভুট্টু) ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন,অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে একই ঘটনার পরিপ্রেক্ষিতে মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ফুলবাড়ী থানায় শিক্ষক সাজেদুল ইসলাম সাজুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলের দাবি,অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply