
পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রায়পুর ইউনিয়নের ভাউলার হাট এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তারা সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলায় অভিযুক্ত থাকার বিষয় উল্লেখ করে তাকে পরিষদে বহাল না করার দাবি জানান। বক্তারা আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সাধারণ মানুষের সেবা ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দ্রুত বিষয়টি বিবেচনা করে স্থানীয় জনগণের দাবি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply