সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামীকাল রোববার তাঁর ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এরই মধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে নতুনভাবে।
গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর। সফরে তিনি মা-বাবার কবর জিয়ারত করবেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের সই করা সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন মির্জা ফখরুল। পরে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।
এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে যাবেন মির্জা ফখরুল। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করার কথা রয়েছে তাঁর।
সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।
রাজনৈতিক জীবনে দীর্ঘ পথচলা
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। ১৯৭২ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। পরের বছর, ১৯৯২ সালে তাঁকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। এরপর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বিএনপি সরকার গঠন করার পর মির্জা ফখরুল প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
দলের রাজনীতিতেও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন তিনি। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তাঁকে দলের মহাসচিব নির্বাচিত করা হয়।
দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পর ২০২৬ সালের সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
এরপর ২১ আগস্ট ২০২৬ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com